• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬” এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। 

অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ০১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন আসামিসহ আনুমানিক ১১৪ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার ১৪১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৪৪৩২ বোতল বিদেশি মদ, ১২ লিটার দেশীয় মদ, ৭৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০.৪ কেজি গাঁজা, ২৬.২৫৩ কেজি হেরোইন, ৬.০৫ কেজি কোকেন, ৬৭,৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০,১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭,৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১,৫৫,৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১,৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২,২৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন প্রাণঘাতী মাদক উদ্ধার করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া, বেসামরিক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিলেটে আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকদের সঙ্গে অতিথিরা।  ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে শেষ হলো দুইদিনব্যাপী ইফাস্ট আন্তর্জাতিক সম্মেলন
ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ২ যুবকের ৬ মাসের কারাদণ্ড