• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউনিয়নেও গঠন হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে এবার ইউনিয়ন পর্যায়েও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। নতুন অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায়েও এসব কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে বলে আশা করছে দুদক।

দুদক ও দুর্নীতিবিরোধী সংগঠনের প্রতিনিধিদের মতে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি সততা, নৈতিকতা ও সুশাসনের চর্চা আরও বিস্তৃত হবে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে অতীতের অভিজ্ঞতা নিরপেক্ষভাবে মূল্যায়ন করে নতুন কাঠামো গড়ে তুলতে হবে। আগের দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে উদ্যোগটি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

দুদকের গঠনতন্ত্র অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি সাত সদস্যের হবে। এতে একজন সভাপতি এবং অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান রয়েছে। সমাজের সৎ, সচেতন ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মধ্য থেকে সদস্য মনোনয়ন দেওয়া হবে।

তবে বিদেশি নাগরিক, নির্বাচিত জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আদালতের অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি কমিটির সদস্য হতে পারবেন না।

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দুদকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলা ও মহানগর পর্যায়ে সর্বোচ্চ ১৩ সদস্য এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নয় সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। এসব কমিটি আলোচনা সভা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, র‌্যালি, মানববন্ধন, সেমিনার ও অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।

২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ শতাধিক দুর্নীতি প্রতিরোধ কমিটি সক্রিয় ছিল। এসব কমিটির উদ্যোগে এক বছরে দেড় হাজারের বেশি আলোচনা সভা, এক হাজারের বেশি বিতর্ক প্রতিযোগিতা এবং শত শত জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিটি কার্যকর হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কৃষি উপকরণ বিতরণসহ স্থানীয় সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘অতীত নয়, সামনে এগোতে চাই’
ছবি: সংগৃহীত
ইন্টারনেট সাশ্রয়ী করতে বাংলালিংক চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর আহ্বান
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী