বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না: আবদুস সালাম

বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর পলাশী মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নির্বাচন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদের আহ্বান জানিয়ে বলেন, ঢাকা শহরে যারা থাকেন তারাই ভোটার হবেন। বাইরে থেকে এসে একদিন থেকে ভোট দিয়ে চলে যাওয়ার সুযোগ থাকবে না। বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না।
ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপি ঢাকায় নির্বাচন চায় এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও রাজধানীকে উন্নত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, এখনো উন্নয়ন কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি, অথচ সমালোচনা শুরু হয়ে গেছে। কাজ শুরু হওয়ার আগেই সমালোচনা করা ঠিক নয়।
প্রশাসক বলেন, গণতন্ত্র দীর্ঘ ১৭ বছর পর ফিরে এসেছে এবং এটি ব্যাহত করা উচিত নয়। সবকিছু একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, সময় প্রয়োজন। জনগণও সময় দিতে চায় ।
মো. আবদুস সালাম বলেন, জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে এবং তাদের ম্যান্ডেটের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। তাই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি-যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খেলোয়াড়দের কার্ড-পূর্বে সমালোচিত হলেও এখন তা বাস্তবায়নের পথে।
বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি না করে ধৈর্য ধরতে হবে। বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দেশের জনগণকে উত্তেজিত করার কোনো প্রচেষ্টা সফল হবে না এবং আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপির ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভিওডি বাংলা/জা







