লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনায় না বসার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, ইরানের আলোচক দল এখনো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায়নি। পাশাপাশি, লেবাননে ইসরায়েলের বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই তেহরানের।
ফার্স নিউজের দাবি, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো আলোচনা নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কি না তার ওপর।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি।
লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে জোরদার হওয়া হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন। এছাড়া ২ মার্চ থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে, আর আহত হয়েছেন ৬ হাজার ৯২ জন।
সূত্র: মিডল ইস্ট মনিটর
ভিওডি বাংলা/এমএস







