• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই নেতৃত্বে পরিবর্তনের আভাস—ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ৩০ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। একই সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও ব্যবসায়িক সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমডিকে এই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। তবে এ ক্ষেত্রে আগে থেকেই বাংলাদেশ ব্যাংক থেকে তাকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

অন্য এক কর্মকর্তা জানান, এমডি মো. ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে তাকে ৩০ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা ১৩ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন তার নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর পথে ছিল। গ্রাহকদের আস্থা, রেমিট্যান্স প্রবাহ এবং আমানত—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা কমে যাওয়ার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের প্রতি আস্থা পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন