• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে চাঞ্চল্যকর ডাকাতি:  যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পি.এম.
জিরাবো এবং সাভারের ভাকুর্তা এলাকার মুশুরীখোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মিরপুরে একটি বাসায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ)-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা এলাকার মুশুরীখোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) এবং সজীব (৩২)।

পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গত ১০ মার্চ (মঙ্গলবার) দুপুরে মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা বাসায় ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে লুটপাট চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। 

পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সোর্স নিয়োগ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। মূলত গ্রেপ্তারকৃত মাসুদ মিয়াই মিরপুরের এই ডাকাতির মূল পরিকল্পনাকারী। তার নির্দেশেই সবাই কাজীপাড়া বাসস্ট্যান্ডের বড় মসজিদের সামনে জড়ো হয়ে ওই বাসায় হানা দেয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাজার-খানকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান মইনীয়া যুব ফোরামের
মাজার-খানকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান মইনীয়া যুব ফোরামের
নজরদারি বাড়াতে আরও সিসি ক্যামেরা কিনছে ডিএমপি
ভিওডি বাংলাকে এডিসি নাসির : নজরদারি বাড়াতে আরও সিসি ক্যামেরা কিনছে ডিএমপি
রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলা উদ্বোধন করেন
প্রতিমন্ত্রী আমিনুল হক: রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলা উদ্বোধন করেন