• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপন প্রকল্পে যুক্ত পরমাণু বিজ্ঞানীদের নিখোঁজ-মৃত্যুর নেপথ্যে কারা, তদন্তে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গোপন পরমাণু ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত একাধিক বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত কয়েক বছরে অন্তত ১০ থেকে ১২ জন বিজ্ঞানী অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এদের অনেকেই যুক্তরাষ্ট্রের সংবেদনশীল গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারে প্রবেশাধিকার ছিল।

গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি “বেশ গুরুতর” এবং দ্রুতই এর বিস্তারিত জানা যাবে। তিনি জানান, এ–সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন স্টিভেন গার্সিয়া (৪৮), যিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কাজ করতেন। ২০২৫ সালের আগস্টে তিনি নিজ বাসা থেকে নিখোঁজ হন। তার ফোন, মানিব্যাগ ও চাবি বাসায় পাওয়া গেলেও তার হ্যান্ডগানটি খুঁজে পাওয়া যায়নি।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড (৬৮) ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান, তিনি আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন।

লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং প্রশাসনিক সহকারী মেলিসা ক্যাসিয়াস ২০২৫ সালে নিখোঁজ হন। তারা বাড়ি থেকে বের হলেও সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো রেজা (৬০) ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন।

এছাড়া ২০২৩ সালের পর ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল হিকসসহ আরও কয়েকজন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, যাদের ক্ষেত্রে অপরাধজনিত সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি।

এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইরো (৪৭) ২০২৫ সালের ডিসেম্বরে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার (৬৭) ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হন।

ক্যানসার গবেষক জেসন থমাস নিখোঁজ থাকার পর তার মরদেহ ম্যাসাচুসেটসের একটি হ্রদে পাওয়া যায়।

সাম্প্রতিক ঘটনায় ৩৪ বছর বয়সী বিজ্ঞানী অ্যামি এস্করিজকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে। তিনি অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন বলে জানা যায়। মৃত্যুর আগে একটি পডকাস্টে তিনি নিজের জীবনের ঝুঁকির কথা উল্লেখ করেছিলেন।

এফবিআইয়ের সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকা বলেন, এসব ঘটনা তদন্তের দাবি রাখে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করতেন বলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্রের প্রমাণ নিশ্চিত করতে পারেনি। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজে ট্যাংকারে গুলিবর্ষণ, বাড়লো উত্তেজনা
হরমুজে ট্যাংকারে গুলিবর্ষণ, বাড়লো উত্তেজনা
হরমুজ প্রণালী আবার বন্ধ করলো ইরান, এখন কী হতে পারে
হরমুজ প্রণালী আবার বন্ধ করলো ইরান, এখন কী হতে পারে
স্বামীর সঙ্গে ঝগড়া করে হাজার হাজার ডলারের নোট ছুড়ে ফেললেন নারী
স্বামীর সঙ্গে ঝগড়া করে হাজার হাজার ডলারের নোট ছুড়ে ফেললেন নারী