• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইএমএফের সব শর্ত মানতে বাধ্য নয় সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পি.এম.
দাতা সংস্থার সঙ্গে আলোচনায় নিজস্ব অবস্থান ধরে রাখার কথা বললেন অর্থমন্ত্রী: ছবি-ভিওডি বাংলা

আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে চলমান আলোচনায় পূর্ববর্তী সরকারের করা সব শর্ত মেনে চলতে বর্তমান সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থ ও বাস্তবতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে সরকারের আলোচনা একটি চলমান প্রক্রিয়া। তবে এসব আলোচনায় বাংলাদেশের নিজস্ব নীতি ও অগ্রাধিকার গুরুত্ব পাবে।

অর্থমন্ত্রী বলেন, “আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। কেবল দাতা সংস্থার শর্তে সব সিদ্ধান্ত হবে না, আমাদের নিজস্ব পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গিও রয়েছে।” তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত চলতে পারে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদাহরণ তুলে ধরে বলেন, এই উদ্যোগটি দাতা সংস্থাগুলোর কাছ থেকেও ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে।

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারে দামের ব্যাপক ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম দ্বিগুণ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন।

মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি একটি পরিবর্তনশীল বিষয়। পরিস্থিতি কখনো বাড়তে পারে, আবার কমতেও পারে। সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, সব দাতা সংস্থাই বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ