কাফরুলে গার্মেন্টস মালিককে কোটি টাকা চাঁদার দাবিতে গুলি, গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুলে গার্মেন্টস কারখানার মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
এর আগে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)। তারা বিভিন্ন সময়ে রাজধানীর মিরপুর ও কাফরুল এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
কে এন রায় নিয়তি জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় কাফরুলের একটি গার্মেন্টস কারখানার মালিক তার অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি দল অফিসে ঢুকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থল ত্যাগের সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত রানা এ ঘটনার মূল পরিকল্পনাকারী। গার্মেন্টসটি তুলনামূলক নির্জন এলাকায় হওয়ায় এটিকে টার্গেট করা হয়। ঘটনার আগে রানা সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং পরে সহযোগীদের নিয়ে অস্ত্রসহ হামলা চালায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/এমআই/আ






