বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশজুড়ে আবহাওয়ার মিশ্র পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনে বিভিন্ন বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই এবং বিদ্যমান তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একই সময়ের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়েও সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং তাপপ্রবাহ চলমান থাকবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
ভিওডি বাংলা/এমএস







