মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরানের আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যারা এখনই বের হতে পারবেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ২১ এপ্রিল থেকে ইরানের আকাশপথ সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। ইরান ছাড়ার জন্য ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ এবং সর্বশেষ পরিস্থিতি জানতে স্থানীয় গণমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।
যেসব নাগরিক বিমানপথে যেতে পারবেন না, তাদের জন্য স্থলপথে আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানে যাওয়ার বিকল্প পথের তথ্যও দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মার্কিন নাগরিকদের আফগানিস্তান, ইরাক বা পাকিস্তান-ইরান সীমান্ত এলাকায় ভ্রমণ করা উচিত নয়। কারণ ইরানি কর্তৃপক্ষ আমেরিকানদের দেশত্যাগে বাধা দিতে পারে বা তাদের ওপর বহির্গমন শুল্ক আরোপ করতে পারে’।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি নাগরিক হিসেবেই গণ্য করে। ফলে কোনো দ্বৈত নাগরিক মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী যে কোনো কারণ দেখিয়ে তাকে আটক করতে পারে।
এ ছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানে অবস্থানরত আমেরিকানরা জিজ্ঞাসাবাদ, গ্রেফতার ও আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছেন।
যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে মার্কিন দূতাবাস বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন এবং জানালা থেকে দূরে থাকুন।’
ভিওডি বাংলা/এমএস/এসআর







