• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেয়াদ বাড়ল যুদ্ধবিরতির

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ এ.এম.
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। 

ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণ বলে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে ইসলামাবাদে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহারে শর্ত দিয়েছে দেশটি। 

অন্যদিকে, আলোচনার আগেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার মাঝে গতকাল তিনটি জাহাজে হামলা চালিয়ে দুটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে- যা অপ্রত্যাশিত ছিল না।

 পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব দিক থেকে প্রস্তুত থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটি উত্তেজনা প্রশমন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণ বলে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। 

তিনি বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তা ছাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে।

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ 

সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসির নৌ বাহিনী। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করে ইরানের বন্দরে নিয়ে যাওয়ার দাবি করেছে বাহিনীটি। আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দুটি জাহাজকে জব্দ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, ইরান চাইছে খুলতে, ট্রাম্প : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর ইরান নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে এ সমুদ্রপথ খুলে দিতে চাইছে। আপাতত মুখরক্ষা করতে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধ থাক, এটা ইরান চায় না। তারা এটা খোলা দেখতে চায়। যাতে তারা প্রতিদিন এখান থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। তিনি আরও বলেন, তারা এটা (হরমুজ প্রণালি) বন্ধ রাখতে চায় একটা কারণেই যে, আমি এ পথ পুরোপুরি অবরোধ করে রেখেছি। তাই তারা কেবল মুখরক্ষা করতে চাইছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চার দিন আগেই লোকজন আমাকে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়।’ কিন্তু আমরা যদি সেটা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা যাবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে না দিই!

যুদ্ধবিরতির সুযোগে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে মার্কিন বাহিনী, সাজাচ্ছে রণকৌশল : ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও হাত গুটিয়ে বসে নেই মার্কিন সামরিক বাহিনী। এ সময়ে নিজেদের নতুন করে অস্ত্রসজ্জিত ও প্রস্তুত করছে তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধবিরতির এ সুযোগে মার্কিন সেনারা নিজেদের ‘রি-আর্মিং’ (অস্ত্রসজ্জিত হওয়া) এবং ‘রি-টুলিং’ (সরঞ্জাম মেরামত ও আধুনিকায়ন) করছে। 

আমাদের সেনারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে তাদের রণকৌশল ও কর্মপদ্ধতি নতুন করে সাজাচ্ছে। বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী আমাদের মতো দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। যুদ্ধবিরতির এ সময়ে আমরা ঠিক সে কাজটুকুই করছি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা : দুই দেশের মধ্যে প্রায় দুই মাসের যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়। 

ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বিশ্বের জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানি প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির আওতায় ইরানের হঠকারিতা ও তাদের সহযোগীদের অর্থের উৎস বন্ধ করা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন
আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন