• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপে ইরান খেলবে, নতুন শর্তে যুক্তরাষ্ট্রের সম্মতি

স্পোর্টস ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। ফলে যেকোনো সময় আবারও সংঘাত শুরুর আশঙ্কা যেমন রয়েছে, তেমনি অনিশ্চয়তায় আছে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণও। যদিও ওয়াশিংটন ইরানি ফুটবলারদের খেলায় আপত্তি না থাকার কথা জানিয়েছে, তবু নতুন একটি শর্ত সামনে এসেছে।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে জানান, তার প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চায় না। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় থেকেই ইরানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে, কারণ গ্রুপপর্বে তাদের তিনটি ম্যাচই নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পাওলো জামপোল্লি, যার বিশ্বকাপের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই, ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। এ বিষয়ে রুবিও বলেন, ‘সমস্যা ইরানের খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তারা যাদের সঙ্গে আনতে চাইবে তাদের কিছু লোকের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। আমরা হয়তো তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে পারব না, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।’

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে আইআরজিসি বিশেষভাবে আলোচনায় এসেছে। ইরানের এই বিপ্লবী সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে ওয়াশিংটন। তাই কেউ যেন ভিন্ন পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্কতা জোরদার করা হয়েছে। রুবিও এ প্রসঙ্গে বলেন, ‘তারা আইআরজিসির সন্ত্রাসীদের একটি দলকে আমাদের দেশে এনে সাংবাদিক বা প্রশিক্ষক সেজে থাকার ভান করতে দিতে পারে না।’ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এই সংঘাতে এবং লেবাননে ইসরায়েলের অভিযানে হাজারো প্রাণহানি ও বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। প্রায় দুই সপ্তাহ আগে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, সেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কা এখনো কাটেনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা
বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা
বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা
ম্যারাডোনা জুনিয়রের আবেগঘন স্বীকারোক্তি
মেসি সেরা, কিন্তু আমার বাবা ঈশ্বর: ম্যারাডোনা জুনিয়রের আবেগঘন স্বীকারোক্তি