ভিওডি বাংলার খবরে রাতেই বদলে গেল পঙ্গু হাসপাতালের ওয়েবসাইট

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর ওয়েবসাইট ভিওডি বাংলায় খবর প্রকাশের পর পরিবর্তিত হয়েছে।
ওয়েবসাইটে যথাযোগ্য মর্যাদাপ্রাপ্য স্থানে স্থান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের ছবি। যেখানে বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টা পর্যন্ত মন্ত্রীর মাথার উপরের সারিতে নিয়মবহির্ভূতভাবে প্রদর্শন করা হয়েছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের ছবি। যা নিয়ে ওই রাতে ভিওডি বাংলায় ‘পঙ্গু হাসপাতালের একক রাজা কেনান, ছবি থাকে মন্ত্রীর ওপরে’- শিরোনামে খবর প্রকাশ হয়। যার স্ক্রিনশট খবরে প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে আবুল কেনানের বন্দনা ছাড়া সরকারি কোনো নির্দেশনা ছিল না।
শুক্রবার (২৪ এপ্রিল) ওয়েবসাইট ভিজিট করে দেখা গেছে- মুছে দেওয়া হয়েছে কেনানের ফুলেল শুভেচ্ছা পাওয়ার ছবি। মুছে ফেলা হয়েছে কেনানের প্রশংসায় ভাসা খবরাখবর। সেখানে স্থান পেয়েছে জনগুরুত্বপূর্ণ হাম বিষয়ক তথ্য ‘আপনার শিশুকে হামের টিকা দিন’। যে রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান (কোড নম্বর ৪১৫৩৬) বর্তমানে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে নিটোর পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
ভিওডি বাংলায় খবর প্রকাশের পর রাতেই কেনান নির্দেশনা দেন ওয়েবসাইট ঠিক করতে। এছাড়া পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিচালক ডা. আবুল কেনান বিশেষ তৎপরতা চালান বলে জানা গেছে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







