পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন:
পশ্চিমবঙ্গে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট বিশ্লেষণে দেখা যাচ্ছে বিজেপি অন্তত ১৫২ আসনের মধ্যে ১১০টিতে এগিয়ে রয়েছে এবং জয় প্রায় নিশ্চিত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার ভোটগ্রহণ শেষে তিনি এই মন্তব্য করেন।
হুগলির বলাগড়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, দ্বিতীয় দফার ভোট (২৯ তারিখে ১৪২টি আসনে) শেষ হলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তার ভাষায়, “বাংলা মিডিয়ামে পড়া বাঙালিকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি”-এমন লক্ষ্য নিয়েই দল এগোচ্ছে।
তিনি আরও দাবি করেন, উত্তরবঙ্গের তুলনায় প্রেসিডেন্সি অঞ্চলে বিজেপির প্রতি জনসমর্থন বেশি দেখা যাচ্ছে। প্রথম দফার ভোটের পর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই এই রাজনৈতিক মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি।
সমাবেশে অমিত শাহ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, “বাংলায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি সামনে আনা হবে।”
তার দাবি, ক্ষমতায় এলে বিজেপি এই দুর্নীতির পূর্ণ তদন্ত ও প্রকাশ নিশ্চিত করবে।
অমিত শাহ অনুপ্রবেশকে রাজ্যের বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা স্থানীয় যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে এবং রেশন ব্যবস্থায় প্রভাব ফেলছে। তার বক্তব্য অনুযায়ী, বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে এবং ইতোমধ্যে যারা ঢুকে পড়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেন, “মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব।”
এছাড়া দলীয় কর্মীদের উদ্দেশে সতর্ক বার্তাও দেন তিনি। সমাবেশে অমিত শাহ বলেন, “দিদির গুন্ডারা কান খুলে শুনে রাখ, ২৯ তারিখ ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে নিয়ে ফেলব।”
ভিওডি বাংলা/জা







