• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করেছে সরকার : পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ এ.এম.
মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে বক্তব্য দেন পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম: ছবি-ভিওডি বাংলা

সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দীর্ঘদিন ভর্তুকি দেওয়ার পর উপায় না পেয়ে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তিনি বলেন, এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ নেই; বরং অর্থনৈতিক বাস্তবতার কারণেই এই পদক্ষেপ নিতে হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার নিয়মিত ভর্তুকি দিয়ে আসছিল, তবে তা দীর্ঘমেয়াদে টেকসই ছিল না। একই সঙ্গে পাচার রোধের বিষয়টিও বিবেচনায় নিয়ে তেলের দাম সমন্বয় করা হয়েছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং সরকার জনগণের স্বার্থ বিবেচনাতেই সিদ্ধান্ত নিয়েছে।

তেলের দাম সমন্বয়ের সঙ্গে বাসভাড়াও সমন্বয় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তেলের দাম কমলে আলাদা বৈঠক ছাড়াই ভাড়া কমিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই কার্যকর হবে।

গ্যাসচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, গ্যাসের দাম না বাড়ায় এসব যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। কোথাও এ ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

রাজধানীর যানজট ও বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে শেখ রবিউল আলম বলেন, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে। এতে সড়ক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং ধাপে ধাপে তা কার্যকর করা হবে। ঢাকার যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাজধানীকে বাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। “ঢাকা বাঁচলে দেশ বাঁচবে”-এ কথা উল্লেখ করে তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
তিন ধাপে নতুন বেতন কাঠামো, কার্যকর ১ জুলাই থেকে
তিন ধাপে নতুন বেতন কাঠামো, কার্যকর ১ জুলাই থেকে
২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র
২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করবে যুক্তরাষ্ট্র