এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখি কী হয়। প্রত্যেকটি বোর্ডে একটি প্রতিযোগিতা থাকে, মূলত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রশ্নপত্র আগেই পৌঁছে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে ঝড়, অতিবৃষ্টি, বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে বিকল্প ব্যবস্থাও রাখা হবে।
এহছানুল হক মিলন বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ভর্তি পরীক্ষাটি হবে একটি নামমাত্র পরীক্ষা। এর জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয়ে সবাইকে ভর্তির আওতায় নিয়ে আসব।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আরআর/এমএস






