• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পি.এম.
সংগৃহীত ছবি

রেল ভ্রমণে আরাম ও সেবার মান বাড়াতে বড় পরিবর্তন এসেছে—দেশের আন্তঃনগর ট্রেনগুলোর অধিকাংশ পুরোনো রেক সরিয়ে সেখানে যুক্ত করা হয়েছে আধুনিক নতুন কোচ।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশ পুরোনো রেক পরিবর্তন করে নতুন রেক সংযোজন করা হয়েছে। এর ফলে যাত্রীসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি ভ্রমণ এখন আরও নিরাপদ ও আরামদায়ক হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোর সৌন্দর্যবর্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি সব জেলা স্টেশন পর্যায়ক্রমে আধুনিকায়নের জন্য একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নারী ও প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। এসবের মধ্যে রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার, পৃথক কাউন্টার, আলাদা টয়লেট, হুইলচেয়ার ও র‍্যাম্প সুবিধা। এছাড়া যাত্রীদের ওঠানামা সহজ করতে বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হচ্ছে এবং ট্রেনের ভেতরে উন্নতমানের খাবার ও অনবোর্ড সেবা বাড়ানো হয়েছে।

রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় এসেছে। অবশিষ্ট ১৫টি জেলাকে দ্রুত এই নেটওয়ার্কে যুক্ত করার কার্যক্রম চলছে।

আধুনিক রেল ব্যবস্থা গড়ে তুলতে ভারত থেকে ২০০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম চালানে ২০টি কোচ আগামী মে মাসের শেষ সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও বলেন, ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ও ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহের পাশাপাশি রিলিফ ট্রেন ও আধুনিক লেদ মেশিন সংযোজনসহ বিভিন্ন প্রকল্প ও সমীক্ষা শেষ পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে রেলওয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য