মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ ও বহুমুখী কার্যক্রম অব্যাহত রাখবে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে ইতোমধ্যে তাদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্কুল ড্রেস ও জুতা সরবরাহ করা হচ্ছে। কোনো মেয়ে যাতে শিক্ষার বাইরে না থাকে, সে লক্ষ্যে তাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এতে ছাত্রীদের দলবদ্ধ ও নিরাপদে স্কুলে যাতায়াত নিশ্চিত হবে এবং ইভটিজিং প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ, হুইলচেয়ার ও বাইসাইকেলসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সরকার ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু/এমএস







