রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে ডিবির চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন উপপরিদর্শক মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় আরেক কনস্টেবল আকাশ আহমেদ পাশের একটি স্থানে থাকায় হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত গাড়ি নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডিবির একটি দল সাদা পোশাকে অভিযান পরিচালনা করতে গিয়ে জনরোষের শিকার হয়। পরে অন্য থানা-পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
ভিওডি বাংলা/আ






