সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দুই দেশ এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে।
শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে একটি মার্কিন সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
পাকিস্তানি সূত্রটি জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে শুরু করা অভিযান স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই হোয়াইট হাউস মনে করছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে।
শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ওই সূত্রটি বলেছে, ‘খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানা যাবে। আমরা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হতে পারে। এছাড়া উভয় পক্ষ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারেও একমত হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/আ







