• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজ প্রণালী পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৯:২৪ এ.এম.
অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে টানা চার মাসের অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকট কাটিয়ে অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী পাড়ি দেয়। দীর্ঘদিন ধরে যুদ্ধাবস্থার কারণে ঝুঁকিপূর্ণ অঞ্চলে আটকে থাকা জাহাজটি নিরাপদে বেরিয়ে আসায় স্বস্তি ফিরেছে জাহাজের ৩১ বাংলাদেশি নাবিক ও তাদের পরিবারের মাঝে।

বিএসসি সূত্রে জানা গেছে, বর্তমানে জাহাজটি বাংকারিং বা জ্বালানি সংগ্রহের জন্য ফুজাইরার দিকে যাচ্ছে। এরপর নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা সব নাবিক ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরবর্তীতে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল পরিবহন শেষে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

ঠিক পরদিনই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এর ফলে বহু জাহাজের মতো ‘বাংলার জয়যাত্রা’ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।

পরে জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিএসসি সেটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি দীর্ঘদিন রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে যুদ্ধবিরতির ঘোষণা এলে গত ৮ এপ্রিল পুনরায় যাত্রা শুরু করে জাহাজটি। তবে দুই দিন পর আবারও হরমুজ অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।

বিএসসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। সেই সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা ও যোগাযোগের ফলেই অবশেষে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হতে সক্ষম হয়েছে।

২০১৮ সালে নির্মিত ‘এমভি বাংলার জয়যাত্রা’ একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। এর ধারণক্ষমতা প্রায় ৩৮ হাজার ৮৯৪ টন। জাহাজটিতে কর্মরত ৩১ জন ক্রু সদস্যের সবাই বাংলাদেশি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, চরম সংকটপূর্ণ পরিস্থিতিতেও জাহাজের নাবিকরা অসাধারণ ধৈর্য, সাহস ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দীর্ঘ অবরুদ্ধতার মধ্যেও তারা মনোবল হারাননি।

তিনি আরও জানান, পুরো সময় জাহাজে প্রয়োজনীয় খাবার, সুপেয় পানি, জ্বালানি ও অন্যান্য রসদের সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। নাবিকদের মানসিক চাপ কমাতে এবং মনোবল ধরে রাখতে বিশেষ ভাতা ও অতিরিক্ত আর্থিক সুবিধাও দেওয়া হয়।

সংকটকালীন সময়ে জাহাজের প্রত্যেক নাবিককে দৈনিক পাঁচ মার্কিন ডলার বিশেষ মিল অ্যালাউন্স, ঈদ উপলক্ষে বিশেষ প্রণোদনা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে কাজের জন্য অতিরিক্ত ‘ওয়ার ওয়েজ’ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ার এশিয়ার চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ার এশিয়ার চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ
পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টে সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টে সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ