ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য নেতারা।
এদিকে মিছিল চলাকালে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের পক্ষের লোক মনে করে কয়েকজন নেতাকর্মী তার ওপর চড়াও হন। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
ভিওডি বাংলা/জা







