• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?

আহসান হাবীব    ২৩ জুন ২০২৬, ০৮:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দিবসটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর তৎপরতা বেড়েছে। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি, প্রতিক্রিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে রাজধানী ঢাকা ও দেশের একাধিক জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী সেনা মোতায়েন করা হয়েছে মূলত— ঢাকা মহানগর ও আশপাশের এলাকা, চট্টগ্রাম বিভাগীয় শহর, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ শিল্প ও বাণিজ্য এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায়।

এছাড়া পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (BGB)-কেও বিভিন্ন সংবেদনশীল এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত টহল ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে।

বিএনপির প্রতিক্রিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর বিভিন্ন পর্যায়ের নেতারা এ ইস্যুতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল  বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে জনপ্রতিনিধিরা সতর্ক ও সচেষ্ট রয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক কর্মসূচির আড়ালে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভিওডি বাংলাকে বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বিষয়টি আইনি প্রক্রিয়ায় না নিয়ে বরং হুমকি-ধমকির পথ বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। রাজনীতিতে ভুল-ভ্রান্তি হতে পারে। ভুল হলে আমরা মানুষের কাছে দায়বদ্ধ থাকি এবং তা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে, সেগুলো তারা স্বীকার করেনি। বরং তারা যে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে, তাতে আমার মনে হয় তারা ভুল পথে যাচ্ছে।

দুদু আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রধানের একরোখা মানসিকতার কারণে তাদের কর্মীরা আরও বিপদে পড়ছে। আমার মনে হয়, তাদের এই কর্মসূচি ঠিক হবে না।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিএনপির আলাদা কোনো রাজনৈতিক অবস্থান নেই। তাঁর মতে, এটি সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনিক ও আইনগত বিষয়।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের ছাত্রদল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। নেতারা দাবি করেন, রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
ধানমন্ডিসহ রাজধানীর ৩ স্পটে কর্মসূচি দিল জামায়াত
ধানমন্ডিসহ রাজধানীর ৩ স্পটে কর্মসূচি দিল জামায়াত
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ