মালয়েশিয়ায় কমলো বিমান ভাড়া

আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানি তেলের দাম কমতে শুরু করায় সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় স্বল্পমূল্যের এয়ারলাইনস এয়ারএশিয়া এক্স। সংস্থাটি জানিয়েছে, গত ১৫ জুন থেকে টিকিটের ভাড়া গড়ে ৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
এয়ারএশিয়া এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল বলেন, বৈশ্বিক বাজারে জেট ফুয়েলের মূল্য কমে আসায় যাত্রীদের জন্য ভাড়ায় সমন্বয় আনা হয়েছে। ভবিষ্যতে জ্বালানির দাম আরও কমলে পুনরায় ভাড়া পুনর্নির্ধারণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা ফেরায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার পর বিমান জ্বালানির দাম দ্রুত কমতে শুরু করেছে। এতে বৈশ্বিক এভিয়েশন খাত কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে।
এভিয়েশন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ লিঙ্গম জানান, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত কয়েক মাসে বিমান শিল্প বড় ধরনের চাপের মুখে পড়ে। অনেক এয়ারলাইনসকে অতিরিক্ত পরিচালন ব্যয় বহন করতে হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাজার স্থিতিশীল থাকলে যাত্রীদের জন্য আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর জেট ফুয়েলের দাম বর্তমানে প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে নেমে এসেছে। অথচ গত মার্চে মধ্যপ্রাচ্য সংকটের সময় একই জ্বালানির দাম ২৪২ ডলার পর্যন্ত উঠেছিল। যদিও বর্তমান দাম আগের তুলনায় অনেক কম, তবুও তা যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক অবস্থার তুলনায় এখনও কিছুটা বেশি রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
ভিওডি বাংলা/জা







