বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ

বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্র কাতারের রাস লাফানে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত এই শিল্পাঞ্চল থেকে বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং গ্যাস লিকেজও শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কারিগরি ত্রুটির কারণে রাস লাফান শিল্প এলাকার একটি কারখানায় অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটেছে। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো পরিস্থিতি সামাল দেওয়া শুরু করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের গ্যাস নিঃসরণ জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।’
রাজধানী দোহার উত্তরে ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান এএফপি’র সাংবাদিকরা। তাদের ভাষ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে ওই কারখানার ভেতরেই বিস্ফোরণ ঘটে। পরে দ্রুত বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
দেশটির জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান জানায়, বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এতে অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহকারী প্ল্যান্টটির কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি প্রক্রিয়াকরণ ও রপ্তানি কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত রাস লাফান। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই গ্যাস অবকাঠামো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কাতার এনার্জির এলএনজি প্ল্যান্ট, ডলফিন গ্যাস প্রসেসিং ইউনিট এবং পার্ল জিটিএলসহ বড় বড় স্থাপনা রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







