আ. লীগকে আর শান্তিতে থাকতে দেয়া হবে না: ছাত্রদল নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। অতীতের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।
ফেসবুক পোস্টে আমানউল্লাহ আমান বলেন, ‘দীর্ঘ সতেরো বছরে হাজার হাজার হত্যা, গুম-খুন আর টর্চার সেলে ভয়াবহ নির্যাতন করে শেষমেষ জুলাইয়ে পাখির মতো শিশু-কিশোর, ছাত্র-জনতা হত্যা করে বিন্দুসম অনুশোচনা না করে উল্টো মাইরা ফালামু বলা আওয়ামী লীগকে আর একদিনের জন্য শান্তিতে থাকতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আগে সকল হত্যাযজ্ঞের বিচার হবে তারপর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করতে পারবে কিনা। এনাফ ইজ এনাফ।’
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। পোস্টে বলেন, ‘গত সতেরো বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীনভাবে মাঠে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা এখন থেকে মাঠে থাকবে ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
ভিওডি বাংলা/এমএস







