শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিশ্বকাপ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। এই উদ্যোগের অংশ হিসেবে শিয়ালকোটে তৈরি ফুটবলগুলো হস্তান্তর করা হয় বাংলাদেশ সরকারের কাছে।
রোববার (২১ জুন) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব ফুটবল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের শিক্ষা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’র অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন) বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে হাইকমিশনার শিয়ালকোটে প্রস্তুত করা উচ্চমানের ১ হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। এগুলো ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সারা দেশের সরকারি স্কুলে বিতরণ করা হবে।
বিবৃতিতে বলা হয়, ইমরান হায়দার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের তরুণদের মধ্যে শারীরিক শিক্ষা ও ফিটনেস চর্চা বাড়ানোর পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহও আরও বৃদ্ধি করবে।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্ববাজারে ফুটবল উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। তার ভাষ্য অনুযায়ী, শিয়ালকোটের ‘ফরওয়ার্ড স্পোর্টস’ ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘ট্রাইওন্ডা’ বল প্রস্তুত করেছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাকিস্তানের এই সৌজন্যমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আলোচিত বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন।
ভিওডি বাংলা/এমএস







