• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০৩:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে আলোচিত শিশু তাবাসসুম ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের (৩৩) কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু তাবাসসুমকে নিজের ঘরে নিয়ে যায় আবু তাহের। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মুখ ও নাক চেপে ধরা হয়। এতে শ্বাসরোধে শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই তাবাসসুমের মরদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় একই দিন নিহত শিশুর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। পরে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি পুলিশ ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেন।

মামলার তদন্ত শেষে গত ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার (২১ জুন) যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরদিন আদালত রায় ঘোষণা করেন।

ঘটনার চার মাসের মধ্যে এবং মাত্র পাঁচ কার্যদিবসে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা উচ্চ আদালতেও এ রায় বহাল থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকিদুল ইসলাম বলেন, সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আদালত প্রত্যাশিত রায় দিয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে