ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন তৎপরতার প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘বেসামরিক প্রশাসনের সহায়তায়’ প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনীর এ মোতায়েন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
ভিওডি বাংলা/আ







