কাতারের গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের শিল্পনগরী রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি শিল্পাঞ্চল। দেশটির বেশিরভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কার্যক্রম এই অঞ্চলকে কেন্দ্র করেই পরিচালিত হয়। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও ওই শিল্পাঞ্চলের একটি বড় এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কারখানার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের শিখা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের তীব্র শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে।
ভিওডি বাংলা/জা







