• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্টারমারের বিদায়ের জল্পনা, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জুন ২০২৬, ০৬:৩৪ এ.এম.
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

স্টারমারের পদত্যাগ ঘিরে উত্তাল ব্রিটিশ রাজনীতি। স্থানীয় সময় সোমবার সকালেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বিদায়ের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এতে শরৎকালের মধ্যেই অ্যান্ডি বার্নহামের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হতে পারে বলে আলোচনা চলছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকালে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, তার সরে দাঁড়ানোর মধ্য দিয়ে আগামী শরৎকালেই অ্যান্ডি বার্নহামের প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীর ধারণা— ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন স্টারমার। সেটি হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

যদিও রোববার পর্যন্ত ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা দাবি করে আসছিলেন, স্টারমার পদত্যাগ করছেন না এবং তিনি দায়িত্বে বহাল রয়েছেন। এমনকি মেকারফিল্ড উপনির্বাচনে বড় জয় নিয়ে পার্লামেন্টে ফেরা অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়, যখন ছয়জনের বেশি ক্যাবিনেট মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে জানিয়ে দেন যে, ‘তার সময় শেষ’। এর পাশাপাশি মঙ্গলবারের নির্ধারিত ক্যাবিনেট বৈঠককে ঘিরেও চাপ বাড়তে থাকে। পরে সপ্তাহান্তে চেকার্সের সরকারি অবকাশকেন্দ্রে বসে নিজের পদত্যাগ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকেই স্টারমার ও তার ঘনিষ্ঠরা সম্ভাব্য পদত্যাগ ভাষণের খসড়া তৈরি করছেন। ধারণা করা হচ্ছে, নতুন নেতৃত্বকে দল গোছানোর সুযোগ দিতে শরৎকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকতে পারেন তিনি।

এদিকে মেকারফিল্ড উপনির্বাচনের পর স্টারমার ও অ্যান্ডি বার্নহামের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। এক ক্যাবিনেট মন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হওয়াটাই কিয়ার ও অ্যান্ডি উভয়ের জন্যই ভালো। কারণ অ্যান্ডির ডাউনিং স্ট্রিটে যাওয়ার মতো গোছানো কোনো টিম নেই, তার প্রস্তুতির সময় দরকার। একই সঙ্গে এটি কিয়ারকেও একটি সম্মানজনক প্রস্থানের সুযোগ দবে।’

তবে নেতৃত্ব দৌড়ে বার্নহাম একক প্রার্থী থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তার দাবি, ৮১ জন এমপির সমর্থন রয়েছে তার পক্ষে।

দলীয় অনেক সংসদ সদস্য মনে করছেন, বার্নহামের যোগ্যতা যাচাইয়ে প্রতিদ্বন্দ্বিতা হওয়া প্রয়োজন। তবে অনেকে আবার ধারণা করছেন, দলীয় বিভাজন এড়াতে কিংবা পর্যাপ্ত সমর্থন না থাকায় শেষ পর্যন্ত স্ট্রিটিং সরে দাঁড়াতে পারেন। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার কোনো নারী সদস্যসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নামও আলোচনায় এসেছে।

স্টারমার আগে জানিয়েছিলেন, সপ্তাহান্তের পর বার্নহামের সঙ্গে আলোচনা করবেন। তবে এখন তিনি হয়তো সেই পরিকল্পনা থেকে সরে আসতে পারেন। ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী, সরাসরি পদত্যাগ ঘোষণা করলে তিনি দেখাতে পারবেন যে নিজের সিদ্ধান্তেই তিনি বিদায় নিচ্ছেন।

সরকারি একটি সূত্র জানিয়েছে, শরতের শেষ দিকে গুরুত্বপূর্ণ একটি বাজেট পাসের বিষয় সামনে থাকায় তার আগেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড্যারেন জোন্স ও বার্নহামের ঘনিষ্ঠ সহযোগী লুইস হাইয়ের মধ্যে বৈঠকও হয়েছে।

এদিকে পরিস্থিতিকে আরও আলোচনায় এনে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে পোস্ট করে ইঙ্গিত দেন যে, স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন। পোস্টে ট্রাম্প দাবি করেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থ হয়েছেন স্টারমার। একই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য শুভকামনাও জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমার
কাল পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমার
লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ১৩
লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ১৩
হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের