• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদুল আজহা

জাল টাকা, ছিনতাই ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি।

সভায় মো. সরওয়ার বলেন, কোরবানির পশুর হাটগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের যানজট বা জনভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে ট্রাফিক বিভাগকে বিশেষভাবে নজর রাখতে হবে। এর পাশাপাশি লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, নগরজুড়ে ফুট পেট্রোল জোরদারের পাশাপাশি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ পরিস্থিতি ধরে রাখতে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতারে গুরুত্বারোপ করেন তিনি।

সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন ইউনিট ও পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম আই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান
ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার