কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাজধানীর ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন তালুকদার (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ৭টার দিকে কামরাঙ্গীরচর কুরার ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন ভোলা সদর উপজেলার মধ্য চর নোয়ারাবাদ গ্রামের মো. সাহাব উদ্দিন তালুকদারের ছেলে। বর্তমানে বিডিআর ১ নাম্বার গেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে সুমন ছিল চতুর্থ।
নিহতের সহকর্মী আল আমিন জানান, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি ভবনের সাত তলার ছাদে উঠেন সুমন। সেখানে ঝুলতে থাকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপরেই অচেতন হয়ে পড়েন তিনি।
পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/এসআর







