ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া। ছবি-ভিওডি বাংলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত পরীক্ষার্থীর হাতে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র পৌঁছে যাওয়ায় পুরো ঘটনাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া। তিনি হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী। নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করার পর বাড়িতে ফিরে উত্তর মিলিয়ে দেখার সময় তিনি বুঝতে পারেন, তাকে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের বদলে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল।
ঘটনাটি নিশ্চিত হওয়ার পর তিনি দ্রুত কেন্দ্র সচিবকে বিষয়টি অবহিত করেন। পরে তাকে আগামী রোববার (১০ মে) কেন্দ্রে এসে যোগাযোগ করার জন্য বলা হয়। শিক্ষার্থী মো. মালেক মিয়া আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী সরাসরি তাকে বিষয়টি জানাননি। পরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকালে এ বিষয়ে অবহিত করেন। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কেন্দ্র সচিব যৌথভাবে বিষয়টি শিক্ষা বোর্ডে সুপারিশ করলে পরীক্ষাটি বহাল রাখার সুযোগ থাকতে পারে।
এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধানের দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না ঘটে এবং শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো ধরনের প্রভাব না পড়ে।
ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা