‘বিগ বস’ অভিজ্ঞতা ছিল ট্রমাটিক: তানিশা মুখার্জি

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা—কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বড় কন্যা কাজল বলিউডে অসাধারণ সাফল্য অর্জন করলেও ছোট কন্যা তানিশা অভিনয় জগতে তেমন স্থায়ী সাফল্য পাননি। তবে রিয়্যালিটি শো ও ওয়েব কনটেন্টে কাজ করে তিনি পরিচিতি পেয়েছেন।
তানিশা মুখার্জি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সপ্তম আসরে অংশ নেন এবং ফার্স্ট রানারআপ হন। তবে এই অভিজ্ঞতাকে তিনি সুখকর নয় বরং মানসিকভাবে কষ্টদায়ক ও ট্রমাটিক বলে উল্লেখ করেছেন।

এক সাক্ষাৎকারে তানিশা বলেন, শো চলাকালে তার অনেক কথোপকথন সম্পাদনা করে বাদ দেওয়া হতো। কারণ তিনি সবসময় হিন্দি ভালোভাবে বলতে পারতেন না, তাই ইংরেজিতে কথা বলতেন। এছাড়া ঝগড়া বা বিতর্ক এড়াতে তিনি অনেক সময় সচেতনভাবে কিছু বিষয়ে মন্তব্য করতেন না, যাতে তার পরিবারের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
তিনি আরও বলেন, তখন তিনি ছিলেন অপরিণত ও সরল। শো থেকে বের হওয়ার পর বুঝতে পারেন, অনেক প্রতিযোগী স্ক্রিন টাইম পাওয়ার জন্য তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতেন। এমনকি চ্যানেল কর্তৃপক্ষের আচরণও মাঝে মাঝে তাকে কষ্ট দিয়েছে বলে জানান তিনি।

‘বিগ বস’-এর অভিজ্ঞতাকে তিনি ট্রমা বন্ডিংয়ের সঙ্গে তুলনা করেন। তার মতে, সেই সময়কার সম্পর্ক ও পরিস্থিতি বাস্তবে স্বাস্থ্যকর ছিল না, যা পরে বুঝতে পারেন মানুষ।
পরিবারের কেউ কেন শোতে আসেননি—এ প্রশ্নের জবাবে তানিশা বলেন, এটি একটি টেলিভিশন শো, এখানে সবাই পারিশ্রমিক পান, তাই বিনা কারণে কেউ আসেননি।
বর্তমানে তানিশা মুখার্জি সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন।
ভিওডি বাংলা/আ







