• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৯:১৬ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে ‘মব কালচার’ সম্পূর্ণভাবে বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজনের মাধ্যমে আরও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রাও পরিবর্তিত হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যরা আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করলে অপরাধ দমন কার্যক্রমে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই নতুন আইন তৈরি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব কালচার সম্পূর্ণভাবে বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন আনা হবে, যাতে এটি সময়োপযোগী হয়ে ওঠে। এ সময় তিনি পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা ও জন প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক গ্রেট হলে আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: ভিওডি বাংলা
দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা
ছবি: সংগৃহীত
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন পদ্ধতি