• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ১২:০৫ পি.এম.
রাজধানীর বাজারে এখনো কমেনি নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
রাজধানীর বাজারে এখনো কমেনি নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর খুচরা বাজারে এখনো স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের দামে। এক সপ্তাহের ব্যবধানে বড় কোনো পরিবর্তন না এলেও অধিকাংশ পণ্যের দাম উচ্চ পর্যায়েই রয়েছে। বিশেষ করে মাছ, মুরগি ও সবজির বাজারে বাড়তি দামের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর। সীমিত আয়ের মানুষ এখন বাজার করতে গিয়ে প্রতিদিনই নতুন করে হিসাব মেলাতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারে আগের সপ্তাহের দামই বহাল রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। সোনালী মুরগির দাম ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।  

বাজারে আসা বেসরকারি চাকরিজীবী এনামুল হাসান বলেন, কয়েক মাস ধরে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে গেছে। আগে সপ্তাহে অন্তত একদিন ভালো মাছ বা মাংস কেনা যেত, এখন প্রয়োজন মেপে কিনতে হচ্ছে। বাজারে গেলে বাজেটের বাইরে চলে যাচ্ছে সবকিছু।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে মোটা চাল, ব্রয়লার মুরগি, সয়াবিন তেল, আদা, রসুন, আলু, বেগুন, কাঁচামরিচ ও শসা। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে পণ্যের দাম কমেনি। ফলে খুচরা পর্যায়ে মূল্য হ্রাসের সুযোগও তৈরি হচ্ছে না। এ কারণে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।

অন্যান্য পণ্যের তুলনায় গরু ও খাসির মাংসের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খাসি ও ছাগলের মাংসের দাম রয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে।

তবে ক্রেতাদের অভিযোগ, স্থিতিশীল থাকলেও এসব দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মাংস। বিশেষ করে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত মাংস কেনা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

মাছের বাজারেও উচ্চমূল্যের চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে ইলিশ মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা দেখা গেছে। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়।

মাছ বিক্রেতা জামাল হোসেন বলেন, বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বেশি হওয়ায় ক্রেতারা আগের মতো কিনতে পারছেন না। অনেকেই বড় ইলিশের বদলে ছোট আকারের মাছ কিনছেন।

বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বড় রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা এবং কাতলা মাছ ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে। ছোট মাছের মধ্যেও দাম কম নয়। কাঁচকি মাছ ৩০০ টাকা এবং মলা মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সামুদ্রিক মাছের বাজারেও উচ্চমূল্য লক্ষ্য করা গেছে। বড় সাইজের সুরমা মাছ ৩০০ টাকা, রুপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দামই এখনো চড়া। বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু কিছু পণ্যের দাম আরও বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়শ, পটল, করলা, ঝিঙ্গা ও চিচিঙ্গা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটির দাম ৭০ থেকে ৮০ টাকা। কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকা।

এ ছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজিপ্রতি বিক্রি হতে দেখা গেছে।

টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, ফুলকপি, শসা, লাউ, মিষ্টি কুমড়া ও বিভিন্ন ধরনের শাকের দামও আগের মতোই বেশি রয়েছে।

সবজি বিক্রেতা মো. রফিক বলেন, পাইকারি বাজারে সবজির দাম কমেনি। পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ও বেড়েছে। তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ স্বাভাবিক থাকলেও বিভিন্ন পর্যায়ে পরিবহন ব্যয়, সংরক্ষণ খরচ ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে খুচরা বাজারে দাম কমছে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।

মধ্যবিত্ত পরিবারের অনেকেই এখন প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু কিনতে পারছেন না। অনেকে আবার মাছ বা মাংসের বদলে কম দামের বিকল্প খাদ্যের দিকে ঝুঁকছেন।

ক্রেতাদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ আরও বাড়লে নিত্যপণ্যের দাম কিছুটা কমতে পারে। তবে এখনই সেই স্বস্তির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫ হাজার ৪৮২ টাকা
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
২৫ কোটি গাছ রোপণ কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি