মানবপাচারের অভিযোগে এজেন্সির বিরুদ্ধে সতর্কবার্তা

রাশিয়ায় মানবপাচারের অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশগামী ও ভ্রমণকারীদের অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১০ মে) মন্ত্রণালয় জানায়, মানবপাচারের অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস’। তবে এটি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ নামে প্রতিষ্ঠানটির সনদ নম্বর ০০১২০২১ এবং এর মালিক এম এম আবুল হাসান। প্রতিষ্ঠানটির ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিল শেষ হয়েছে। আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সনদ নিয়ে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বেআইনি।
মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি অনেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রতারণা ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।
এ ধরনের প্রতারণা এড়াতে যেকোনো টিকিট বা ট্যুর প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন ও সনদের বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণকারীরা মন্ত্রণালয়ের ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট (www.regtravelagency.gov.bd) থেকে যেকোনো এজেন্সির হালনাগাদ তথ্য যাচাই করে নিতে পারবেন। নিবন্ধিত এবং বৈধ মেয়াদের সনদ নেই এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে দেশবাসীকে সতর্ক করেছে মন্ত্রণালয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য