• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার

চট্টগ্রাম প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০৩:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় অগ্রাহ্য করে নিজেদের মতো করে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

রোববার (১০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও গণভোটের রায় পুরোপুরি মানা হচ্ছে না। তার মতে, বিএনপি জুলাই সনদকে জুলাইয়ের প্রকৃত চেতনা অনুযায়ী বাস্তবায়ন না করে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে চায়।

তিনি আরও দাবি করেন, জুলাই সনদে বিএনপির দেওয়া কিছু নোট অব ডিসেন্ট স্বৈরাচার তৈরির পথ তৈরি করে। তার ভাষায়, এসব বিষয় গণভোটে জনগণের বড় অংশ ‘না’ ভোট দিয়ে প্রত্যাখ্যান করেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখন সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের হাতে। জনগণের রায় অস্বীকার করলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও তিনি সতর্ক করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ফলাফল অগ্রাহ্য করা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়।

তিনি আরও উল্লেখ করেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক উদাহরণ প্রমাণ করে জনগণের সরাসরি রায় দীর্ঘমেয়াদে উপেক্ষা করা যায় না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে এবং জনগণের রায় যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রদূত ও এলডিপি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ফাইল ছবি
মানুষ যুগের পর যুগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে: গোলাম পরওয়ার