মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের ওই জবাবকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের জবাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। পাকিস্তানের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বর্তমানে সব পক্ষ মোটামুটিভাবে সেই যুদ্ধবিরতি মেনে চলছে।
সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলতে হবে। তাহলেই যুদ্ধের সমাপ্তি হিসেবে বিষয়টি বিবেচনা করা যাবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো ধ্বংস করা প্রয়োজন।
রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কথা উল্লেখ না করলেও বলেন, “আমরা কখনও শত্রুর সামনে মাথা নত করব না। সংলাপ বা আলোচনা মানেই আত্মসমর্পণ নয়।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক পৃষ্ঠার ১৪ দফা প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনটি দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুই অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, এসব শর্তের অনেকগুলোই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল।
ভিওডি বাংলা/আ







