চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে আল সিহাব (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি- ওই যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী তাকে ঘিরে ফেলে পরিচয়পত্র দেখতে চান। তবে কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তাকে আটক করা হয়।
স্থানীয়রা আটক করার পর জিজ্ঞাসাবাদ করলে আল সিহাব ডিবি পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার পর এক ভুক্তভোগী শ্রী সিবাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগ করেন, বুধবার (১৩ মে) রাতেও একই ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে ভয় দেখিয়ে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন।
আটক আল সিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা







