জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তবে তার দাবি, চালগুলো লক্ষ্মীপুরের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বৈধভাবে কেনা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চালগুলো সংরক্ষণ করা হয়।
অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেন, তার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানি মাদরাসার জন্য সরকারি বরাদ্দের চাল বৈধভাবে ক্রয় করে বাড়িতে রাখা হয়েছিল।
চরজব্বার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ জানান, বাড়িতে মোট ৯৯ বস্তা চাল পাওয়া যায়। এর মধ্যে চার বস্তা খোলা থাকায় সেগুলো বাদ দিয়ে বাকি ৯৫ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চালগুলো জব্দ করা হয়। পাশাপাশি আবদুস সামাদকে চালের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওছমান বলেন, জব্দ করা চালগুলো লক্ষ্মীপুরের রামগতির তিনটি প্রতিষ্ঠানের নামে সরকারি কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল বলে বাড়ির মালিক দাবি করেছেন। তবে সরকারি চাল এভাবে বাড়িতে সংরক্ষণ বা কেনাবেচার সুযোগ নেই। তিনি বলেন, চালগুলো সম্পূর্ণ অবৈধভাবে বাড়িতে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র পাওয়া না গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরজব্বার ইউনিয়ন শাখা পৃথক বিবৃতি দিয়ে ঘটনাটিকে “উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” বলে দাবি করেছে।
বিবৃতিতে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ এবং ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. আবদুস সামাদ বলেন, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও আশপাশের কয়েকটি মাদরাসার জন্য বরাদ্দকৃত চাল বৈধ প্রক্রিয়ায় ক্রয় করা হয়েছে। এ সংক্রান্ত সব কাগজপত্র ও রশিদ সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
ভিওডি বাংলা/আ







