রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ায় রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে মস্কোর কাছে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শাফাক নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তারা দেশজুড়ে ইউক্রেনের ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোসহ বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন আটকানো হয়।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, খিমকি এলাকায় একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। এছাড়া মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে আরও দুজন মারা যান। হামলায় কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি হয়েছিল। তবে সেটি শেষ হওয়ার পর আবারও দুই দেশের হামলা বেড়ে গেছে।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়া ২০০টির বেশি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনে অন্তত ২৩৮ জন বেসামরিক মানুষ নিহত এবং ১ হাজার ৪০৪ জন আহত হয়েছেন।
ভিওডি বাংলা/এফএ







