• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী

ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৫:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষাকে বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য তাপমাত্রা হ্রাস, প্রাকৃতিক বৃষ্টিপাত বৃদ্ধি এবং দেশকে সবুজে আচ্ছাদিত করা।

তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরসহ) এবং জার্মান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। প্রয়োজনে আরও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।

চকরিয়া সুন্দরবন, পাহাড় কাটা ও ওয়েস্ট টু এনার্জি প্রকল্পসহ বিভিন্ন পরিবেশগত বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা ও তদারকির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এসব বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি জানান, ২০২১ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে বিষয়টি পুনরায় অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন প্রায় ৩০০০ মেট্রিক টন বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পূর্বে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ বিধিমালা ২০২১ ও ২০২২-এর জটিলতার কারণে প্রকল্পটি এগোয়নি, যা এখন সমাধান করা হয়েছে।

তিনি বলেন, চারটি বার্নারের মাধ্যমে প্রতিদিনের বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। প্রতিটিতে ৭৫০ টন করে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা থাকবে।

তিনি আরও বলেন, প্রতিটি সিটি করপোরেশন যদি সমন্বিতভাবে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং কার্যক্রম বাস্তবায়ন করে, তাহলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ব্রিকফিল্ডসহ অন্যান্য দূষণকারী খাত পর্যায়ক্রমে ব্লকভিত্তিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা থাকলেও বাস্তব অগ্রগতি ধীর ছিল। বর্তমানে সময়ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে বায়ু ও পানি দূষণের বিষয় উল্লেখ করে তিনি জানান, এসব কেন্দ্রকে অনলাইন মনিটরিং সিস্টেমের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প নিয়ে পূর্বে আলোচনা-সমালোচনা থাকলেও বাস্তবতার ভিত্তিতে এগুলো এগিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা শহরের দূষণের প্রধান কারণ হিসেবে কনস্ট্রাকশন কাজ, ব্রিকফিল্ড ও শিল্প দূষণকে উল্লেখ করে তিনি বলেন, আইনভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ও পরিবেশসংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা অনেক কমেছে।

তিনি জানান, ট্রাফিক, বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, যেকোনো উদ্ভাবনী ও কার্যকর প্রস্তাব সরকারকে লিখিতভাবে জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড় কাটা, পাথর উত্তোলনসহ বিভিন্ন পরিবেশগত ইস্যুতে নিয়মিত সভা করা হচ্ছে এবং নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সরকার সৌর ও বায়ুশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে কাজ করছে।

চামড়া শিল্পের বর্জ্য ব্যবস্থাপনাকে কোরবানির সময় একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খাতেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সবশেষে তিনি বলেন, “দেশটা আমাদের সবার”—এই মূলনীতির ভিত্তিতে সবাইকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/খতিব/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিম
ডিএসসিসি প্রশাসক ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিম
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার