শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে সরকার।
রোববার (১৭ মে) থেকে এই সুবিধা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে।
তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে কাজ চলছে। একই সঙ্গে ডিজিটাল সেবাকে আরও নিরাপদ ও সহজলভ্য করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, জরুরি ও সংকটময় পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। প্রযুক্তিনির্ভর অবকাঠামো শক্তিশালী করার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ভিওডি বাংলা/জা







