অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট খারিজ

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত রোববার (১৭ মে) এ রিট দায়ের করা হয়। একই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁর অভিযোগ, এই সময়ে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা খাতে ক্ষতির বিষয় তুলে ধরে তিনি কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী তদন্ত কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকারকে উৎখাত করা না যায়, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, এই সময়ে যা কিছু ঘটেছে, তার সামগ্রিক তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তিনি বিষয়টি সম্পর্কে নির্দেশনা নিয়ে আদালতে মতামত উপস্থাপন করবেন।
ভিওডি বালা/আ







