রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে চলমান আন্দোলনের কারণে একাধিক সড়কে তীব্র যানজট ও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। ফলে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগ।
বুধবার (২১ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের ফেসবুক পেজে এক ট্রাফিক এলার্টে এ তথ্য জানানো হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরের সড়কগুলো যান চলাচল সীমিত দেখা গেছে।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-২, সনি স্কয়ার, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও কালশী এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এখনো আন্দোলন চলমান রয়েছে। এ অবস্থায় ওইসব সড়ক ব্যবহারকারীদের ধীরস্থিরভাবে চলাচলের পাশাপাশি আগারগাঁও ও ৬০ ফিট সড়কসহ বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।
আরও জানানো হয়, ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা সম্মিলিতভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার বিচার দাবিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন কয়েকদিন ধরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনের প্রভাব পড়েছে মিরপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও।
ভিওডি বাংলা/এসআর







