ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোর থেকে মাঠে ডিএসসিসির জরুরি দল

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সড়ক থেকে দ্রুত পানি অপসারণে রোববার ভোর থেকেই ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (১২ জুলাই) ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, সড়কের পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখতে কর্মীরা মাঠে রয়েছেন। একই সঙ্গে কমলাপুরের দুটি ও ধোলাইখালের একটি পাম্প চালু করে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ চলছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। আজ সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

সংস্থাটি জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে তাদের কর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন এবং পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য