• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এতে মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো নতুন প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠন করা।

প্রাথমিক সুপারিশ ও বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ৬ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুই মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার-  এই মোট ৮টি খেলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

 সভায় আরও জানানো হয়, শিক্ষাক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি করবে সদ্য গঠিত এই কমিটি। একই সঙ্গে আগামী ১০ জুনের মধ্যে কমিটিকে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া এই বিশাল কার্যক্রম সফল করতে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানা গেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনবে শিক্ষার্থীরা, গড়ে উঠবে সবুজ বাগান
টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনবে শিক্ষার্থীরা, গড়ে উঠবে সবুজ বাগান
৮ বছরের শিশু রামিসা ধর্ষণ-হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন
৮ বছরের শিশু রামিসা ধর্ষণ-হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন
ঢাকা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক-সচিব
৯ কলেজে বদলি ঢাকা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক-সচিব